‘সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মোট ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, "সাতক্ষীরায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আমরা প্রাণসায়ের খালের দু'পাশে গাছের চারা রোপন করছি। পৌরসভার মূল দায়িত্বের অন্যতম হলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশ রক্ষা। এ গাছগুলো নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন।"
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইনস্পেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইনস্পেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর প্রতিনিধি মো. সবুজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিনিধি/আরএইচ