কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া আকন্দ বাড়ি এলাকার আবদুল কদ্দুছের ছেলে। তিনি বাহাদিয়া বাজারে পানের দোকান করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বাড়ির কাছেই দুর্ঘটনা ঘটেছে জানতে পেরে নুরুজ্জামান ঘটনাস্থল দেখতে বের হন।
এ সময় তিনি সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। ঠিক তখনই কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন। এ সময় সড়কে আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, সকালে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে নুরুজ্জামান ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ