টিজারের পর এবার নেটিজেনদের নজর কাড়ল চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মনোরম সব লোকেশনে চিত্রায়িত বড় বাজেটের এই ভিডিওটি বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইন্টারনেটে উন্মুক্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চেপে ভিন্ন এক লুকে হাজির হতে দেখা যায় জায়েদ খানকে। পুরো গান জুড়ে তাঁর সঙ্গে পারফর্ম করেছেন দেশি-বিদেশি ছয়জন নারী মডেল। সমুদ্রসৈকত, জাহাজের ডেক কিংবা সমুদ্রতীর ঘেঁষা রাস্তায় বিভিন্ন দৃশ্যায়নে বৈচিত্র্যময় নাচ ও অভিনয়ে দেখা গেছে এই অভিনেতাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা গানটির ভিডিওতে হাজার হাজার ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য জমিয়েছেন হাজারেরও বেশি নেটিজেন। প্রশংসা আর শুভকামনার পাশাপাশি দেখা গেছে অনেক বর্ণিল মন্তব্য। এক দর্শক মন্তব্য করেছেন ‘জায়েদ খান রকস’, অন্যজন লিখেছেন ‘জাস্ট ওয়াও’।
সাধারণ নেটিজেনদের পাশাপাশি বিনোদন জগতের সহশিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছেন; যেমন অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন ‘অভিনন্দন’, চিত্রনায়ক কায়েস আরজু লিখেছেন ‘জাস্ট ওয়াও’ এবং চিত্রনায়িকা আঁচল মন্তব্য করেছেন ‘ওয়াও নতুন লুক, নতুন কনসেপ্ট; নতুন এক জায়েদ খান’। ফারহানা সুমি নামে এক অনুরাগী লিখেছেন ‘সো সুইট’।
তবে অনেক অনুরাগী হালকা ছলে জায়েদ খানের সিগনেচার ‘ডিগবাজি’ দৃশ্য অনুপস্থিত কেন, তাও জানতে চেয়েছেন।
নিজের নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছেন। এটিকে একটি মানসম্পন্ন ফিল্মি আয়োজনের মিউজিক ভিডিও হিসেবে উল্লেখ করে তিনি এক ভিডিও বার্তায় জানান, নায়ক হিসেবে ক্যারিয়ার গড়ার পর এমন পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওতে তিনি আগে কাজ করেননি।
আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী আর নিউইয়র্কের নান্দনিক দৃশ্যপট ব্যবহার করে বাংলা গানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রয়াস বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওতে জায়েদ খানের বিপরীতে দেখা গেছে মডেল ইয়াসমিনকে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এতে অংশ নিয়েছেন নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা নামের বিদেশি মডেলরা। সজীব ও রিমির কণ্ঠে ধারণ করা গানটির চিত্রগ্রাহক ও কারিগরি দলে কাজ করেছেন বেশ কয়েকজন মার্কিন কলাকৌশলী, যার মধ্যে স্টেডিক্যাম অপারেটর ছিলেন এনরিক ক্যামাচো।
দেশবার্তা/একে