বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিয়ে এখনো হয়নি। ভবিষ্যতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন।
সম্প্রতি নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পূজা চেরি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে পূজা চেরি বলেন, ‘গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, কখনো অন্য কারও সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’
নিজের অবস্থান ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম- আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে।’
বর্তমানে নিজেকে সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে পূজা উল্লেখ করেন, এ কারণেই সম্প্রতি তাঁকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে। তবে তথ্য যাচাই না করে বারবার তাঁকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘বারবার বলতে চাই, আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
ব্যক্তিগত স্বাধীনতা ও সুনাম রক্ষার অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পূজা চেরি লেখেন, ‘সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’
এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার আইনি বিধানের কথা উল্লেখ করে সতর্কবার্তা দেন।
দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সব সময় সম্মান জানান উল্লেখ করে পূজা চেরি বলেন, তাঁর নীরবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
দেশবার্তা/একে