দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ এই সরকারকে একটি বড় বিজয় এনে দিয়েছে। যে কোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনে সরকারি কর্মকর্তারা এমন এক সরকারের অধীনে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার কোনো দায় ছিল না। তাদের লক্ষ্য ছিল অনন্তকাল ভোট চুরি করে ক্ষমতায় থাকা, তাই তারা জনগণের কথা ভাবেনি।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেননি। জনগণের কাছে জবাবদিহির ভয় থাকলে দেশ আজকের এমন অবস্থায় পৌঁছাত না।
চলমান সরকারের সার্বিক মূল্যায়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান, বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে। উপদেষ্টা ও বিশেষজ্ঞরা এই সময়ের কাজ মূল্যায়ন করছেন। এখন থেকে প্রতি ৬ মাস পর পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করা হবে এবং এই প্রক্রিয়ার সাথে সরকারের সব অংশকে যুক্ত হতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ বছর পর সরকারকে পুনরায় জনগণের কাছে ফিরে যেতে হবে এবং কাজের হিসাব দিতে হবে। এজন্য সরকারের নেওয়া নীতি ও কর্মসূচির বিষয়ে কর্মকর্তাদের স্পষ্ট ধারণা থাকতে হবে।
ভবিষ্যতে দেশে একটি কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শিশু-কিশোরদের আসক্তি থেকে দূরে রাখার তাগিদ দিয়ে ডা. জাহেদ বলেন, একাডেমি শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলা, সংগীত ও নৃত্যের মতো সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করতে হবে। এসব ক্ষেত্রের মাধ্যমেও যে জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সম্ভব, তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও জানান, প্রচলিত সার্কাস ও যাত্রাপালা থেকে আপত্তিকর বিষয়গুলো বাদ দিয়ে তা পুনরায় আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগটির ৮ জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসাররা অংশ নেন।
দেশবার্তা/একে