ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা এবার নতুন পরিচয় যুক্ত করলেন। অভিনয় ও ওটিটি মাধ্যমের ব্যস্ততার মাঝেই করপোরেট দুনিয়ায় পা রেখেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এই তারকা।
বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তমা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। জানান, ব্যাংকটির ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে দায়িত্ব পেয়েছেন তিনি। এ খবর প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন ওঠে- তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তমা?
তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। নিজের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব।’
নতুন কর্মক্ষেত্র নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী আরও বলেন, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’
চাকরি শুরুর সংবাদের পাশাপাশি ব্যাংকটির গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবিও নেটদুনিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। প্রকাশের পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা তাকে সাধুবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন।
সামাজিক মাধ্যমে অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান ও নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের অনেকেই তাকে নতুন এই পথচলার জন্য শুভকামনা জানান।
চাকরির সার্বিক পরিবেশ নিয়ে তমা উল্লেখ করেন, নতুন কাজের জন্য অভিনয় থেকে দূরে সরে যাওয়ার প্রয়োজন পড়বে না। কারণ ব্যাংক কর্তৃপক্ষ তার অভিনয়চর্চার বিষয়ে বেশ আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। ফলে পেশাগত দায়িত্ব পালন ও অভিনয় দুটিই সমানতালে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, তমাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি দর্শকপ্রিয়তা অর্জন করে। জানা গেছে, শিগগিরই নির্মাতা ভিকি জাহেদের একটি নতুন সিনেমার কাজে যুক্ত হবেন তিনি। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে।
দেশবার্তা/একে