ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বিপুল জানান, স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মুনসুর আলী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের চিহ্ন রয়েছে। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা চুড়ি, বাঁ হাতে ধর্মীয় ট্যাটু এবং দুই পায়ে নূপুর ছিল। এছাড়া গলার অংশে কাটা দাগও দেখা গেছে বলে তিনি দাবি করেন।
নৌ-পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ