অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার। ফলে জটিল রোগী ও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে নীলফামারী জেলা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবল পর্যাপ্ত না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বিশেষ করে জরুরি ও জটিল রোগীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এতে একদিকে রোগীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সময় ও অর্থ ব্যয় করে দূরের হাসপাতালে যেতে হচ্ছে। হাসপাতালটিতে অপারেশন থিয়েটারের অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট জনবল না থাকায় তা কার্যকরভাবে চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে ছোট-বড় বিভিন্ন অস্ত্রোপচারের জন্যও রোগীদের অন্যত্র যেতে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ডিমলা উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে অপারেশন থিয়েটার চালু করা গেলে স্থানীয় পর্যায়েই অনেক রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার করা সম্ভব হবে। এতে জেলা সদর ও রংপুরের হাসপাতালগুলোর ওপরও রোগীর চাপ কমবে।
তাদের দাবি, দ্রুত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় সহায়ক জনবল নিয়োগ করে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হোক। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনবে।
দেশবার্তা/ জেএা