ভারতীয় ক্রিকেটের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। চলমান দুলীপ ট্রফিতে প্রথমে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়ার পর এবার টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়ে ভেঙেছেন ৫৭ বছরের পুরোনো রেকর্ড।
রোববার ইশান কিষাণের চোটের কারণে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান বৈভব। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা অর্জন করেন তিনি।
সোমবার সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেন সূর্যবংশী। ৪২ বলে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসটিতে তিনটি ছক্কা ও চারটি চার মারেন এই তরুণ ব্যাটার।
হাফ সেঞ্চুরি করার পথে ১৫ বছর ১৫৭ দিন বয়সে দুলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন সূর্যবংশী। এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে অর্ধশতক করে এই রেকর্ডের মালিক হয়েছিলেন লক্ষ্মণ সিং। প্রায় ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় এই ব্যাটার।
এদিন সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফিতে সেঞ্চুরি করার রেকর্ডও গড়ার সুযোগ ছিল সূর্যবংশীর সামনে। তবে ৮ রানের আক্ষেপ নিয়ে আউট হওয়ায় সেই কীর্তি স্পর্শ করা হয়নি।
দেশবার্তা/একে