আসছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘দেশু ৭’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। সোমবার বেলা ১২টা ১৭ মিনিটে প্রকাশিত টিজারে গল্প, দুই তারকার রসায়ন এবং ছবির শিরোনাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সিনেমাটি মুক্তির এখনও সময় বাকি থাকলেও এরই মধ্যে প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়েছে। টিজার প্রকাশের আগে দেব ও শুভশ্রী ফেসবুক লাইভেও অংশ নেন।
টিজারে দেবের চরিত্রের নামও ‘দেব’। এতে দুই ভালোবাসার মানুষের বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর পুনর্মিলনের ইঙ্গিত দেখা যায়। বহু বছর আগে আলাদা হয়ে যাওয়া দুই মানুষ পরিস্থিতির কারণে আবারও একে অপরের কাছে ফিরে আসে। এ কারণে দর্শকের একাংশ সিনেমার গল্পের সঙ্গে দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনের কিছু মিল খুঁজে পাচ্ছেন।
টিজারে অ্যাকশনধর্মী রূপে দেখা গেছে দেবকে। কখনও দুই হাতে বন্দুক নিয়ে লড়াই করতে, আবার কখনও জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরাতে দেখা যায় তাঁকে। অন্যদিকে লাদাখের প্রাকৃতিক পরিবেশে শুভশ্রীর সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্যও স্থান পেয়েছে।
টিজারের শুরুতে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও’! শেষদিকে তাঁর সংলাপ, ‘তুমি ফিরে যাও দেব’। জবাবে দেব বলেন, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব’। টিজার প্রকাশের সঙ্গে পোস্ট করা হয়েছে একটি লাইন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না’।
দেব-শুভশ্রীর পাশাপাশি টিজারে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও দর্শকের নজর কেড়েছে। তাঁর চরিত্রকে ঘিরে রহস্যের ইঙ্গিত মিলেছে।
ফেসবুক লাইভে ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রির প্রসঙ্গে দেব বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ৭ হাজার টিকিট বিক্রি করেছি। তখনো না ছবির টাইটেল ঠিক ছিল, না গল্প। এখনো আমাদের কাছে অনুরোধ আসে আরও গোল্ডেন টিকিটের ব্যবস্থা করতে। আমরা নিজেরাও জানি না কেন দর্শকরা আমাদের এত ভালোবাসে। আমরা ভাগ্যের চক্রে আলাদা হয়ে গিয়েছি বলে ভালোবাসে। নাকি আমরা এমন কিছু ভালো কাজ করেছি তার জন্য সবাই ভালোবাসে। আমার এই পুরো সময়টায় একটাই ভয় ছিল, তাঁদের সেই ভরসা যেন নষ্ট না হয়।’
ছবির নাম প্রসঙ্গে দেব বলেন, ‘যখন আমরা অ্যানাউন্স করেছিলাম সাবজেক্ট ছিল না। টাইটেল কী দেব। আমাদের এদিকে কিছু অ্যানাউন্স করতে হত। তখন আমাকে আমার টিম বলেছিল, তোমাদের জুটি দেশু-তো থাকবেই হ্যাশট্যাগে, সাত নম্বর ছবি যখন দেশু সেভেন করে দাও। এরপর আমাদের এডিটর একটা ভিডিও বানায় দেশু সাতের। আমরা এখনও ওই লোগোটাই ফলো করছি। এখন দেশু সেভেন শব্দটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমরা অনেক ভেবে দেখলাম যাই টাইটেল নিয়ে আসি এর উপর যেতে পারব না।’
‘দেশু ৭’ এ দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দেশবার্তা/একে