জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙতে সুকেশকে উসকানি দিতেন নোরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ঘিরে নতুন বিতর্ক উসকে দিয়েছেন আর্থিক জালিয়াতি মামলায় কারাবন্দী সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নোরা তাকে নিয়মিত উসকানি দিতেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। সুকেশের হাতে লেখা বলে দাবি করা একটি চিঠিকে কেন্দ্র করে সম্প্রতি এই নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া কথিত ওই চিঠিতে নোরাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে চিঠিটি সত্যিই সুকেশের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে সেখানে করা অভিযোগগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
চিঠিতে সুকেশ দাবি করেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এছাড়া প্রসাধনী, বিদেশি ব্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ নানা দামি উপহার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের তথ্যও চিঠিতে তুলে ধরেছেন বলে দাবি করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
অভিযোগের বড় অংশজুড়ে রয়েছে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কের বিষয়। সেখানে সুকেশ জানান, তাঁদের সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং তা ভেঙে দেওয়ার জন্য উসকানি দিতেন। এ ছাড়া নোরা তাকে দিনে প্রায় ১০ বার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করতেন বলেও উল্লেখ করা হয়।
শুধু হুঁশিয়ারি দিয়েই থামেননি তিনি; নোরার বিরুদ্ধে করা অভিযোগগুলোর স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে জানিয়ে প্রয়োজনে তা প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হয়েছে। এবার কথিত চিঠি সামনে আসায় সেই পুরোনো বিতর্কই নতুন করে মোড় নিল। তবে চিঠির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।