দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন ৩ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। মোট মৃত্যুর বড় একটি অংশ ঘটেছে চলতি মাসেই; শুধু আগস্টেই মারা গেছেন ৩৯ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪৫৯। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাসেবা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন। এতে করে এ বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১৮৮ জনে।
দেশবার্তা/একে