দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরলেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তাঁর বহু প্রতীক্ষিত অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’ এর দৃশ্যধারণের নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। তবে এই আয়োজনের মূল আকর্ষণ আতিফের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদির প্রথম মেলবন্ধন।
সম্প্রতি আতিফ আসলাম সামাজিক মাধ্যমে গানটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন। ভিজ্যুয়াল ওই ঝলকে একটি স্পোর্টস কারের পাশে এই দুই তারকাকে জমকালো আবহে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ও রসায়ন নিয়ে এখন জোর চর্চা চলছে। রোমান্টিক ও মেলোডিয়াস ধারার এই গানে আতিফের পাশাপাশি ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনার উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
‘হুন ইশক মে’ গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ এবং এর সংগীতায়োজন করেছেন শিরাজ উপ্পল। তারকাখচিত ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সাইফ হাসান। ভিজ্যুয়ালে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুস্তফা আফ্রিদি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে আতিফ আসলামের একক অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল। মাঝে একক গান ও চলচ্চিত্রের প্লেব্যাকে নিয়মিত হলেও কোনো পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেননি তিনি। অবশেষে ‘সুবাহ আয়ে না’ অ্যালবাম ও এর নতুন গান দিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন এই গায়ক।
দেশবার্তা/একে