জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) এবং নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী ও তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা তার মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে যান। পরে তিনজন মিলে তাকে গণধর্ষণ করেন। ঘটনার সময় ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করতেন।
ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।
প্রতিনিধি/আরএইচ