নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব এবং জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/আরএইচ