বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের স্বাধীনতা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণের পর দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অতীতে বিএনপিকে দুর্বল ও বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। এ সময় দলের নেতাকর্মীদের মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন দেশ গঠন ও জনগণের সেবায় সবাইকে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির সব ধরনের বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানোই নেতাকর্মীদের মূল দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি সবসময় জনগণের সঙ্গে থাকতে হবে।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান ও নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের এবং জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিনিধি/একে