চট্টগ্রামের লোহাগাড় এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড় মুন্সিবাড়ির মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও একই উপজেলার শাহারপাড় পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মুহাম্মদ মাহি পাটোয়ারী (২০)।
নিহত ফিরোজ ও মাহির সঙ্গে ভ্রমণসঙ্গী মো. সোহান বলেন, আমরা মোটরসাইকেলে কক্সবাজার থেকে চাঁদপুর যাচ্ছিলাম। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যান আমার বন্ধুদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তৌহিদ মারা যায়। আহত মাহি পাটোয়ারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ফিরোজ আহমেদ তৌহিদ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পিকআপটি রেখে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাইক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশবার্তা/এমআর