জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির রাজীব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি উল্টে গিয়ে অটোরিকশাটির ওপর পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, রাজীব পরিবহনের বাসগুলোর বেপরোয়া গতির কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। বারবার ঘটা এসব দুর্ঘটনার প্রতিবাদ ও দায়ী চালকদের শাস্তির দাবিতে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া দুটি মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অন্য দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সড়ক থেকে বাসটি সরানোর কাজ চলছে এবং উদ্ধার তৎপরতা শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
দেশবার্তা/একে