ফেনীর সীমান্ত ও উপজেলায় পৃথক অভিযানে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা এবং ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। জব্দ করা গাঁজা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। তিনি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফুলগাজী থানা পুলিশের একটি বিশেষ দল ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকায় ইয়ামিনের ভাড়া ঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় ওই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে নুর আলমকে (৩৫) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/একে