নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী সীমা বেগম (৩৮) এবং একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাসেল শেখ (২১)। রাসেল সম্পর্কে সীমা বেগমের জামাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সীমা বেগম ও রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। প্রায় দুই মাস আগে সীমা বেগমের স্বামী ইউসুফ শেখ একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গোলক মজুমদারের দাবি, ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার অন্যতম মাদক কারবারি। স্বামী কারাগারে থাকার পর সীমা বেগম ও তার জামাই মাদক কারবার চালিয়ে আসছিলেন।
তিনি আরও দাবি করেন, ইউসুফ শেখ, তার স্ত্রী ও জামাই প্রায় ছয় বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।
দেশবার্তা/একে