চট্টগ্রাম বন্দর দিয়ে ‘ইউজড স্পেয়ার পার্টস’ বা পুরোনো গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে কোটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ির গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অভিযান চালিয়ে চালানটি জব্দ করে।
জব্দ করা কন্টেইনার খুলে বিএমডব্লিউ, লেক্সাস, এলএস-৬৬ ও লেক্সাস এসসি ৪৩০ মডেলের বিলাসবহুল গাড়ির বডি পার্টস, ইঞ্জিন ও বিপুল পরিমাণ টায়ার উদ্ধার করা হয়।
সিআইআইডি কর্মকর্তারা জানান, প্রাথমিক হিসাবে উদ্ধার করা গাড়ির যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা হতে পারে। তবে কাস্টমসের বিস্তারিত যাচাই-বাছাই ও মূল্যায়নের পরই এর প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, জাপান থেকে আসা কন্টেইনারটির পণ্যের ঘোষণায় ‘ইউজড স্পেয়ার পার্টস’ উল্লেখ ছিল। কিন্তু কন্টেইনার কায়িক পরীক্ষা করে দেখা যায়, তাতে সাধারণ যন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আলাদা করে আনা হয়েছে।
উদ্ধার করা এসব যন্ত্রাংশ জোড়া দিয়ে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি সম্ভব কি না এবং কোন মডেলের কতটি গাড়ির অংশ রয়েছে, তা নিশ্চিত হতে কাস্টমস পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
কাস্টমস সূত্রে আরও জানা যায়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রায় এক মাস পার হলেও আমদানিকারকের পক্ষ থেকে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। এই সুযোগে অসাধু চক্রটি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে চালানের এলসি নথি, আমদানিকারকের পরিচয় ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।
প্রতিনিধি/একে