জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন এবং এ সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। যদিও সফরের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কর্মসূচি বা সফরসূচি নির্ধারণ করা হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়েও প্রতিক্রিয়া জানান হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ধরনের পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে।’
ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধীদের আশ্রয় প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না।’
একইভাবে ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বরং দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
এদিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।’
পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে।’
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশবার্তা/একে