সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব অনলাইন মাশুল আদায় ব্যবস্থা ‘সোনালী পেমেন্ট গেটওয়েতে’ (এসপিজি) যুক্ত হয়েছে সমাধান সার্ভিসেস লিমিটেডের ডিজিটাল মোবাইল ওয়ালেট ‘জিপে’ (gpay)। এর মাধ্যমে এখন থেকে এসপিজি ব্যবহার করে জিপে-র সাহায্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ চালান, ফি ও চার্জ পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংক পিএলসি এবং সমাধান সার্ভিসেস লিমিটেডের মধ্যে এ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা সম্পন্ন হয়।
সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর ও হস্তান্তরের কাজ সম্পন্ন করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং সমাধান সার্ভিসেসের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে