দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই চুক্তি হয়।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। সংস্থাটির পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এসএমই ও কৃষি বিভাগের শরীফ হাসান মামুন।
পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়ন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষিপণ্যের ‘অ্যাগ্রি ভ্যালু চেইন’ (কৃষি মূল্যসংযোজন শৃঙ্খল) আরও শক্তিশালী করা হবে।
সংশ্লিষ্টরা জানান, এই অর্থায়নের মাধ্যমে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ বাড়বে। এর ফলে কৃষিপণ্যের মূল্যসংযোজন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি তৈরি হবে।
কৃষি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুবিধা অর্থনৈতিক কেন্দ্র গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে একটি কার্যকর ও টেকসই কৃষি অর্থনীতি গড়ে ওঠার পথ সুগম হবে।
দেশবার্তা/একে