দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে ১০২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
অধিদপ্তর জানায়, এর আগের দিন সোমবার ১ হাজার ১৬৩ জন, রবিবার ১ হাজার ৯৭ জন এবং শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফলে টানা চতুর্থ দিনের মতো হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড তৈরি হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৭০ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোট ১০২ জনের মৃত্যুর মধ্যে একক মাস হিসেবে আগস্টেই সবচেয়ে বেশি ৪৩ জন মারা গেছেন। এছাড়া গত জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বর মাসের শুরুতেই আজ আরও ৫ জনের প্রাণহানি ঘটল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।
গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩২৪ জন রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৮০ জন চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮ জন ভর্তি হন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ২৯৮ জন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৪৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১২১, রাজশাহী বিভাগে ১১৪, ময়মনসিংহ বিভাগে ৮৭, রংপুর বিভাগে ৩৪ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশবার্তা/একে