খোলা চিঠিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি। এর ঠিক ২৩ মিনিট পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি আবেগঘন পোস্ট দেন আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের এই মহাতারকা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত দুই মিনিটের একটি ভিডিওতে ফুটে উঠেছে তাঁর ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের উত্থান-পতনের পুরো চিত্র।
পোস্টের ক্যাপশনে মেসি শুধু লেখেন ‘এআর’ এবং যুক্ত করেন একটি লাল ভালোবাসার ইমোজি। প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সাধারণ ভক্ত, তারকা ও সহ-ফুটবলারদের সমবেদনা আর ভালোবাসার জোয়ারে ভেসে যায় পোস্টটি।
সোলেদাদ পাস্তোরুত্তির বিখ্যাত স্প্যানিশ গান ‘ব্রিন্দিস’ এর সুর দিয়ে শুরু হয় ভিডিওটি। সেখানে দেখা যায়, শৈশবে বল হাতে দৌড়ানো থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে হার পর্যন্ত মেসির ফুটবল জীবনের প্রাপ্তি, অপূর্ণতা, আনন্দ ও কান্নার নানা মুহূর্ত।
ভিডিওর একটি অংশজুড়ে রয়েছেন প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনার পরামর্শ মন দিয়ে শুনছেন এক তরুণ মেসি- এমন দৃশ্য ফুটে ওঠে তাতে। এছাড়া রয়েছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে মেসির সেই অপূর্ণতার যন্ত্রণা।
ভিডিওতে উঠে এসেছে দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার হয়ে প্রথম বড় সাফল্য কোপা আমেরিকা জয়ের মুহূর্ত, ট্রফি হাতে মেসির আবেগময় দৃশ্য এবং পূর্বের কোপা ফাইনালে হেরে কান্নার স্মৃতি। যুক্ত করা হয়েছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠের বাইরে মেসির ফুঁপিয়ে কান্নার ছবিও।
আর শেষ অংশে তুলে ধরা হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপের লড়াই। সেখানে ফুটবল জীবনের স্বপ্ন, লড়াই এবং ফাইনালে স্পেনের কাছে হারের মধ্য দিয়ে শেষ হয় দুই মিনিটের এই ভিডিওচিত্রটি। এর মাধ্যমে এক বালকের বিশ্ব ফুটবলের ইতিহাস হয়ে ওঠার পুরো যাত্রাই উঠে এসেছে পর্দায়।
দেশবার্তা/একে