বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব এবং পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হলেও বিনোদন জগতে কাস্টিং কাউচের প্রভাব যে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।
সামাজিক মাধ্যমের প্রসারের ফলে বর্তমান সময়কে নারীদের জন্য আগের চেয়ে কিছুটা সুবিধাজনক উল্লেখ করে শ্রেয়া বলেন, ‘সোশ্যাল মিডিয়া আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের বেশ কঠিন সময় পার করতে হতো।’
তিনি আরও জানান, মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করায় সব জায়গায় তার বাবা-মা সাথে থাকতেন, যার ফলে কারো কিছু বলার ইচ্ছা থাকলেও সেই সাহস পেত না।
ইন্ডাস্ট্রিতে শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য ও এ সংক্রান্ত নানা ভুল ধারণা নিয়েও নিজের মত প্রকাশ করেন এই গায়িকা। তার মতে, পারিশ্রমিকের বিষয়টি কেবল লিঙ্গভিত্তিক বৈষম্য নয়, পুরুষেরাও একই ধরনের বাস্তবতার মুখোমুখি হন।
নিজের ক্যারিয়ারের শুরুতে বিনা পারিশ্রমিকে অনেক গান গাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে শ্রেয়া বলেন, অরিজিৎ সিংয়ের মতো শীর্ষ শিল্পীদের পারিশ্রমিক নিয়েও সমাজে নানা ভুল ধারণা রয়েছে। তার পর্যবেক্ষণ, বর্তমানে ভালো মানের গায়কেরা অনেক কাজ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে করে থাকেন, আবার উপযুক্ত প্রজেক্ট পেলে বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।
সংগীত ক্যারিয়ারে একের পর এক সাফল্যের পাশাপাশি সম্প্রতি আবাসন সম্পদে বড় বিনিয়োগের কারণেও আলোচনায় এসেছেন এ গায়িকা। সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ২০ দশমিক ৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি ২০ লাখ টাকা) মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।
উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ চলচ্চিত্রের ‘বৈরী পিয়া’ গানের মাধ্যমে বলিউডে প্লেব্যাক ডেবিউ হয় শ্রেয়া ঘোষালের, যা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। ২০২১ সালে এই দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান দেবয়ান।
দেশবার্তা/একে