বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য পাওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে এত সব প্রাপ্তির মধ্যেও জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহের পড়ালেখা নিয়ে এখন বেশ সতর্ক তিনি।
কাপুর পরিবারের কন্যা এবং পতৌদি পরিবারের পুত্রবধূ কারিনার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই। একাদশ শ্রেণিতে পড়ার সময় তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। এরপর আর প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করা হয়নি তাঁর। সময়ের সঙ্গে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাওয়ার বিষয়টি এখনো মনে কষ্ট দেয় এই অভিনেত্রীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা ব্যক্ত করেছেন কারিনা। পাশাপাশি সন্তানদের পড়াশোনার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
কারিনা বলেন, ‘আমি পড়ালেখা মাঝপথে বন্ধ করে দিতে চাইনি। সব সময়ই চেয়েছিলাম যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। তাই আমার এখনো আফসোস হয়। আমি জানি অনেকেই এটা নিয়ে ঠাট্টা করতে পারে বা যা খুশি বলতে পারে। কিন্তু সেই সময়ে যে সুযোগটা এসেছিল, তাতে একাদশ শ্রেণির পর আর পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’
অন্যদিকে দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা কারিনার কাছে একেবারেই আলাদা। বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে বেড়ে ওঠার কারণে শৈশবে কোনো ভাইয়ের সান্নিধ্য পাননি তিনি। ফলে দুই ছেলেকে একসঙ্গে বড় হতে দেখা তাঁর কাছে এক নতুন অনুভূতি।
এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি আর কারিশমা দুই বোন। তাই দুটি ছেলে থাকাটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এটা প্রায় এক অলৌকিক অভিজ্ঞতার মতো। কারণ, আমি কখনো কোনো ভাইয়ের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর আর জেহকে একসঙ্গে দেখাটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। আমি প্রতিদিন তাদের কাছ থেকে নতুন কিছু শিখছি।’
দেশবার্তা/একে