চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পারিবারিক কল্যাণ ট্রাস্ট ‘মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ট্রাস্ট’ প্রতিষ্ঠিত ‘বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়’-এ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর আকবর শাহ থানা সংলগ্ন বাগান বাড়ি আবাসিক এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নগরীর আকবর শাহ সংলগ্ন উত্তর কাট্টলী সিটি গেট বাগান বাড়ি আবাসিক এলাকায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষার উদ্দেশ্যে সাবেক মেয়র এম. মনজুর আলম সম্প্রতি এই ‘বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়’ স্থাপন করেন।
প্রতিনিধি/একে