বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও শহীদ মিনারের রিজার্ভ পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বলেশ্বর নদী ও স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রতিনিধি/একে