গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। আহত মো. সানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলহামরা পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের ভেতর থেকে চালক মাসুদ রানার মরদেহ উদ্ধার করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশবার্তা/এমআর