ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ফগার মেশিনে মশা নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উদ্বোধনের পর জেলা পরিষদ কার্যালয় থেকে সদর উপজেলা কার্যালয় চত্বর, পৌরসভা এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিনে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জেলা পরিষদের উদ্যোগে এক মাসব্যাপী এ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।’
তিনি আরও বলেন, ‘ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বোতলসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।’
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
প্রতিনিধি/একে