ফের আলোচনায় হরমুজ প্রণালীর নাম বদলের বিষয়টি। এ নিয় দ্বিতীয় বারের মত হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’ এর আগে গত মঙ্গলবার ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন। আহত হন ৬০ জনের বেশি।
এ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন, হরমুজ প্রণালি এখন খোলা। এ জলপথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এমন দাবির পরও তেলের দাম কমেনি। অন্যদিকে ইরান বলছে, প্রণালিটি এখনো বন্ধ এবং সেটি তাদের নিয়ন্ত্রণে।
গত মাসে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে দাবি করেছিলেন। আবার গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে কানাডা–যুক্তরাষ্ট্র সীমান্তে থাকা লেক অন্টারিওর নামও একতরফাভাবে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দেন তিনি।
দেশবার্তা/এমআর