গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪৫) ও গোলাম রব্বানী (৫০)।
গোলাম রব্বানী সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক। তাঁর বাড়ি সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর গ্রামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মাসুদ রানার পরিচয় জানা যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের সাদুল্যাপুর পশ্চিমপাড়ায় আসমা মেমোরিয়াল একাডেমির সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক গোলাম রব্বানী নিহত হন। তিনি তাঁর সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সাদুল্যাপুর থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রতিনিধি/একে