ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব আদায় ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে সীমান্ত ব্যাংক পিএলসির সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দারা এখন থেকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সহ যাবতীয় ফি ও চার্জ সীমান্ত ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন।
সম্প্রতি রাজধানীর নগরভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক পিএলসির হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই সমঝোতার ফলে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা ব্যাংকটির নির্ধারিত শাখা ও সেবা ব্যবহার করে সহজেই তাদের পৌর কর ও অন্যান্য ফি পরিশোধের সুবিধা পাবেন, যা রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করবে।
দেশবার্তা/একে