দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠে গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। গ্রাহকদের খোয়ানো আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকটির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাংকের এমডি জানান, বর্তমানে ব্যক্তি পর্যায়ের সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী অর্থ জমা ও উত্তোলন করতে পারছেন। এমনকি কোনো গ্রাহক চাইলে তার হিসাবের পুরো স্থিতি বা আমানত তুলে নিতে পারবেন। এছাড়া মেয়াদি আমানত, ডিপিএস ও মাসিক মুনাফাভিত্তিক গ্রাহকদের নিয়মিত মুনাফা প্রদান এবং লেনদেন বন্ধ করতে চাইলে মূল আমানত ফেরত নেওয়ার সুবিধা রাখা হয়েছে।
লেনদেন স্বাভাবিক করার পর গ্রাহকেরা পুরো অর্থ তুলে নেবেন বলে ব্যাংক কর্তৃপক্ষের আশঙ্কা থাকলেও বাস্তবে তা হয়নি। ব্যাংকের এমডি জানান, অনেক সাধারণ ও প্রবাসী গ্রাহক অর্থ তুলে না নিয়ে বরং লেনদেন চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। দীর্ঘদিনের অনিশ্চয়তা কমে আসায় কর্মীদের উৎকণ্ঠা দূর হয়েছে এবং ব্যাংকিং কার্যক্রমে তাদের আগ্রহ ও আত্মবিশ্বাস ফিরে এসেছে।
ব্যক্তি পর্যায়ের পাশাপাশি পর্যায়ক্রমে ব্যবসায়িক লেনদেন স্বাভাবিক করার পরিকল্পনা করছে ব্যাংকটি। বিশেষ করে খুচরা ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং করপোরেট খাতে মনোযোগ দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে পুরোনো ও বিশ্বস্ত গ্রাহকদের ফিরিয়ে এনে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে, পরবর্তীতে নতুন গ্রাহক আকর্ষণে কাজ করবে প্রতিষ্ঠানটি।
সমন্বিত সেবা দিতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীর গুলশানে একটি মডেল শাখা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মডেল শাখা থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব পরিচয়ের পাশাপাশি এর অন্তর্ভুক্ত আগের পাঁচ ব্যাংকের গ্রাহকেরাও সেবা নিতে পারবেন। ভবিষ্যতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় কাছাকাছি থাকা একাধিক শাখাকে সমন্বয় করার অংশ হিসেবে গুলশানের এই উদ্যোগকে প্রথম ধাপ মনে করা হচ্ছে।
বিদ্যমান শাখা, উপশাখা, এটিএম নেটওয়ার্ক ও কর্মীদের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মো. আবেদুর রহমান সিকদার। কঠিন সময়েও পাশে থাকা আমানতকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই আস্থাকে ভিত্তি করেই সম্মিলিত ইসলামী ব্যাংককে খাতটিতে সুপ্রতিষ্ঠিত করা হবে।
দেশবার্তা/কেএ/একে