রাজধানীর পল্লবীতে অবস্থিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সব ধরনের ফি ও চার্জ অনলাইনে আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভর্তি, বেতন, পরীক্ষার ফিসহ অন্যান্য যাবতীয় চার্জ পরিশোধের সুবিধা পাবেন।
এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর পল্লবীতে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পল্লবী শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ শওকত হোসেন বিপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা নর্থ জেনারেল ম্যানেজার'স অফিসের মহাব্যবস্থাপক (ইনচার্জ) মোহাম্মদ ইসমাইল।
সোনালী ব্যাংক পিএলসির মিরপুর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মজনুর রহমান এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই সহজে এবং নিরাপদে যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন। এসময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে