নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। আয়োজনে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। শপথের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার অঙ্গীকার করে।
আয়োজক সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে নানা সামাজিক বিষয়ে সচেতন করেছে।
প্রতিনিধি/একে