ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি পুরোনো বক্তব্যকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার বক্তব্যের একটি অংশ নতুন করে ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে পপি নিজের ‘পাপের’ কথা বলেছেন।
তবে বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানিয়েছেন, তার ওই বক্তব্যের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি এখনো অবসর নেননি। ভালো গল্প পেলে অভিনয়ে ফিরতে পারেন, পাশাপাশি প্রযোজনায়ও কাজ করার ইচ্ছা রয়েছে তার।
সম্প্রতি একটি গণমাধ্যম পপির পুরোনো বক্তব্যের একটি কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। সেখানে পপিকে বলতে দেখা যায়, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
এই বক্তব্য প্রকাশের পর অনেকেই মনে করেন, চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজের ‘পাপ’কে যুক্ত করে পপি হয়তো সিনেমা থেকে দূরে সরে গেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের প্রকৃত বিষয়বস্তু পরিষ্কার করেছেন এই চিত্রনায়িকা।
পপি জানান, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর সঙ্গে সিনেমা ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তার কথায় কোথাও চলচ্চিত্রে অভিনয় করাকে পাপ বলা হয়নি।
পপির ভাষায়, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না? আমরা তো জেনে না জেনে পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে ভালো থাকতে পারি, সেটা তো অন্যায় কিছু নয়।’
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথাও স্পষ্ট করেছেন পপি। তার ভাষায়, যে চলচ্চিত্র তাকে পরিচিতি, যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই মাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘যে সিনেমা আমাকে এত যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, আজও দর্শক আমাকে এত ভালোবাসে, সেই সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না। আমি চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি।’
অভিনয় থেকে অবসর নেওয়ার বিষয়টিও নাকচ করেছেন পপি। তিনি জানান, ভালো গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতে আবারও অভিনয়ে দেখা যেতে পারে তাকে। নিজের জীবনকাহিনি নিয়ে বায়োগ্রাফিতে অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার প্রতি তার আগ্রহ এখন বেশি।
পপি বলেন, ‘এখনো অবসর নিইনি। যদি কোনো গল্প ভালো লাগে, অভিনয় করতেও পারি। ইচ্ছা আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। তবে অভিনয়ে ফিরি বা না ফিরি, প্রযোজনা করার খুব ইচ্ছা আছে।’
দীর্ঘদিন ধরে পপিকে নিয়মিত চলচ্চিত্র বা গণমাধ্যমের বিভিন্ন আয়োজনে দেখা না যাওয়ায় তার ব্যক্তিজীবন নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়। এরপর বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়।
পরে জানা যায়, পপি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে স্বামী-সন্তানকে নিয়েই তার সময় কাটছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সংসার জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন পপি। তিনি বলেন, ‘জীবনের প্রয়োজনে সিনেমা থেকে সরে এসেছি। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে। একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সময় কেটে যায়। সবার দোয়ায় আমাদের সুখের সংসার।’
১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পপির বিনোদনজগতে পথচলা শুরু। এরপর প্রয়াত পরিচালক শহীদুল হক খানের পরিচালনায় প্যাকেজ নাটক ‘নায়ক’-এ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। এরপর প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি ভিন্নধর্মী ও প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন পপি। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী।
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ ছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু করলেও শেষ পর্যন্ত সময় দিতে না পারায় সেগুলোর কাজ আটকে আছে।
দীর্ঘদিন পর নিজের বক্তব্য নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে পপির অবস্থান স্পষ্ট- চলচ্চিত্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ভবিষ্যতে পছন্দের গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফিরতে পারেন তিনি। একই সঙ্গে প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে নিজের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
দেশবার্তা/এসআইএস/একে