বয়স পঞ্চাশ পেরোলেও শরীরচর্চা ও গ্ল্যামার দিয়ে বরাবরই আলোচনায় থাকেন বলিউডের অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে আবারও বলিপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গুঞ্জন উঠেছে, নিজের চেয়ে ১৯ বছরের ছোট এক সুদর্শনের প্রেমে নতুন করে জড়িয়েছেন ‘ছাইয়া ছাইয়া’খ্যাত এই তারকা।
বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিন বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। বিচ্ছেদের পর আরবাজ পুনরায় সংসার শুরু করলেও মালাইকা নিজের চেয়ে ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বহু চর্চিত সেই সম্পর্কের ইতি টানার পর এবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বলিউডে জোর গুঞ্জন, হর্ষ মেহতা নামের এক নামজাদা হীরা ব্যবসায়ীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে এই অভিনেত্রীর। সম্প্রতি মালাইকার মায়ের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হর্ষের উপস্থিতি প্রথম নজর কাড়ে নেটিজেনদের। সেখান থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত।
পরবর্তী সময়ে গত সপ্তাহেও তাদের দুজনকে একসঙ্গে একটি পার্টি উপভোগ করতে দেখা যায়। সাধারণ পোশাকে সেখানে মালাইকাকে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। এর আগে এক মডেলের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
বিশেষভাবে লক্ষণীয় বিষয় ছিল, ওই পার্টিতে মালাইকার ছেলে আরহান খানও উপস্থিত ছিলেন। ছেলের এই উপস্থিতি নির্দেশ করে যে মায়ের নতুন সম্পর্ক নিয়ে তার কোনো আপত্তি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য এই জুটির বয়সের ব্যবধান নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অর্জুন কাপুরের চেয়েও কম বয়সী সঙ্গীকে বেছে নেওয়ায় নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও, এই বয়সেও স্বাধীন ও খোশমেজাজে জীবন উপভোগ করার জন্য ভক্তদের প্রশংসাও কুড়াচ্ছেন মালাইকা।
পঞ্চাশোর্ধ্ব বয়সেও আকর্ষণীয় অবয়ব ও ফিটনেসের কারণে তরুণদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য মালাইকা আরোরা। বয়সে ছোট সঙ্গীর প্রতি তার এই পছন্দের বিষয়টি নিয়ে বলিপাড়ায় এখন নতুন করে কানাঘুষা চলছে। সূত্র: নিউজ১৮ বাংলা
দেশবার্তা/একে