সুইমিংপুলের নীল জলে পা ভেজাচ্ছেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ। তাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন তরুণী প্রিসিলা ডি কস্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি ছবি দেখে প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে, তারা বুঝি অসম বয়সী কোনো রোমান্টিক জুটি। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তোলেন- মামুনুর রশীদ কি ফের বিয়ে করেছেন?
তবে ভাইরাল হওয়া ছবিগুলোর সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি এই নাট্যব্যক্তিত্ব, বিয়েও করেননি। ছবিগুলো মূলত একটি ধারাবাহিক নাটকের দৃশ্য।
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির গল্প। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা।
নাটকের গল্পে দেখা যাবে, হাঁটুর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুনুর রশীদের চরিত্র। একপর্যায়ে পরিবারের অমতে মেয়েটি তার হাত ধরে চলে আসেন। এরপর শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা ধরনের কনটেন্ট বানানোর পালা। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি একসময় তারা বিরক্ত ও অতিষ্ঠও হয়ে ওঠেন।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। মামুনুর রশীদ ও প্রিসিলার সুইমিংপুলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে নির্মাতা বলেন, ‘মামুন ভাইয়ের সঙ্গে প্রিসিলার সুইমিংপুলের ছবিটি আমার পরিচালিত নাটকটিরই একটি দৃশ্য। বেশ কয়েক দিন ধরে দেখলাম, ছবিটি নিয়ে নেতিবাচক চর্চা হচ্ছে। অনেকে ছবিটির নেপথ্যের রহস্য না জেনেই নানা মন্তব্য করছেন।’
নাটকটির গল্প প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু আরও বলেন, ‘সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি বানিয়েছি। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে কিছু বক্তব্যও রয়েছে। আশা করছি, দর্শকদের এটি ভালো লাগবে।’
নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘নাটকের গল্পটি অন্যরকম। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে নির্মাতা ভিন্নভাবে তুলে ধরেছেন। অনেক দিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও তারা উপভোগ করবেন।’
‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।
নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
দেশবার্তা/একে