নেপালে প্রলয়ঙ্করী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এএফপিকে তথ্যটি নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেপাল সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান চালিয়ে লুহাইতো নামের ওই চীনা নাগরিককে উদ্ধার করে। তিনি সুড়ঙ্গের ২২৫ মিটার গভীরে আটকে ছিলেন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনে জানান, জীবিত উদ্ধার হওয়া চীনা নাগরিককে বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে।
একই দিন নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে যাওয়া একটি চারতলা ভবনের ওপরতলা থেকে ৬০ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠা নামের এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, হিমবাহধসে সৃষ্ট পাহাড়ি ঢলের ৯ দিন পর গত শুক্রবার ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী।
উদ্ধার অভিযানের বিষয়ে নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
দেশবার্তা/একে