জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। কোনো ধরনের ভোট কারচুপির সুযোগ থাকবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুলু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমপি সাহেবরা—এটা আপনাদের দায়িত্ব। আপনারা দলের প্রার্থীদের নিজেরাই নির্বাচন করবেন।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাইলে অতীতে আওয়ামী লীগ যে স্টাইলে নির্বাচন করেছে, আমরাও সেই স্টাইলে নির্বাচন করতে পারতাম। কিন্তু এখন সেই সুযোগ নেই। আমি যেমন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, একইভাবে জনগণের ভোট ও রায়ের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে স্টাইলে ভোট করেছে, সে স্টাইলে ভোট হবে না। ভোট কারচুপির কোনো সুযোগ নেই।”
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম আমিনুল হকের রুহের মাগফিরাত এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/আরএইচ