ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার গুরুতর স্বাস্থ্যঝুঁকি হলেও সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ মিলনায়তনে শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর (CSCR) এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬-এর কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন,জনসচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, রোগের লক্ষণ সম্পর্কে ধারণা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
চসিক প্রশাসক বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলা চসিকের অন্যতম লক্ষ্য। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও এ লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
প্রতিনিধি/আরএইচ