দেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। সদ্য বিদায়ী জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর প্রাদুর্ভাব। কেবল এই এক মাসেই মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এক মাসের হিসাবে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।
এমন পরিস্থিতিতে ডেঙ্গুর যে প্রবণতা দেখা যাচ্ছে, তা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এতে করে কেবল জুলাই মাসেই প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৬-এ। আর সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৫৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১০ জনে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুর তাণ্ডব ছিল সবচেয়ে বেশি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে ২ জন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় ১ জনের এবং জুন মাসে মারা যান ১৩ জন। এর বাইরে মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কারো মৃত্যুর তথ্য জানা যায়নি।
সংক্রমণের চিত্রেও দেখা গেছে একই ঊর্ধ্বমুখী গতি। জুলাই মাসে রেকর্ড ৯ হাজার ২০৬ জন রোগী শনাক্ত হন, যা জুন মাসের (২ হাজার ৯০৭ জন) তুলনায় তিন গুণেরও বেশি। এর আগে গত জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
দেশবার্তা/একে