ব্যবসাসফল তেলেগু সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল আসছে। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পরিচালক ভেঙ্কি আটলুরি। তবে এই সিনেমার জন্য দর্শকদের এখনই তাড়াহুড়ো করলে চলবে না- অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।
নিজের নতুন চলচ্চিত্র ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করেন ভেঙ্কি আটলুরি।
তিনি জানান, ‘লাকি ভাস্কর ২’ অবশ্যই তৈরি হবে। তবে বর্তমান কাজগুলো শেষ করে নতুন প্রজেক্টটি শুরু করতে তাঁর অন্তত আরও দুই বছর সময় লাগবে।
পরিচালক বলেন, প্রথম ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে যে ভালোবাসা ও সাফল্য পেয়েছে, তাতে সিক্যুয়েল নিয়ে দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাই হুট করে কিছু না বানিয়ে একটি শক্তিশালী গল্প ও নিখুঁত চিত্রনাট্য নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি।
২০২৪ সালে মুক্তি পাওয়া অপরাধ ও আর্থিক প্রতারণার গল্পে নির্মিত ‘লাকি ভাস্কর’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন মালয়ালম তারকা দুলকার সালমান। বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পর থেকেই ছবিটির সিক্যুয়েল নিয়ে জোর চর্চা চলছিল।
সিক্যুয়েলের কলাকুশলী কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে পরিচালক এখনই বিস্তারিত মুখ খোলেননি। তবে এই আনুষ্ঠানিক ঘোষণায় দুলকার সালমানের ভক্তদের মধ্যে যেমন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে দীর্ঘ অপেক্ষার প্রহর।
দেশবার্তা/একে