রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পরবর্তী সময়ে নির্বাচন-সংক্রান্ত হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। পরে গত ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব অস্থায়ীভাবে পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দেশবার্তা/আরএইচ