বরগুনার বেতাগীতে গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় সামারি ট্রায়ালের মাধ্যমে ৫ (পাঁচ) জনকে সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডের আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে বেতাগী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা কে এম মাসুমুল আলম এর ছেলে মো: মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় ১ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ওই একই ব্যক্তিকে একই আইনের ১৯ (ক) ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অন্যদিকে, দক্ষিণ বেতাগীর মোঃ শাহজাহান মোল্লার ছেলে মোঃ শাহজাদা মোল্লা (৩৫), বেতাগীর কেওড়াবুনিয়া এলাকার মোঃ কুদ্দুস জোমাদ্দারের ছেলে মোঃ মোর্শেদ (২৮), হোসনাবাদ এলাকার মোঃ হানিফ খানের ছেলে মোঃ বেল্লাল (৩৫) ও বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন এর ছেলে মোঃ জহিরুল ইসলাম ওরফে অন্তর (২৯) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় ১ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ওই একই ব্যক্তিদের একই আইনের ১৯ (ক) অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তবে এই ৬ আসামীর মধ্যে একজন শিশু হওয়ায় তাকে বিজ্ঞ শিশু আদালতে প্রেরণের নির্দেশ প্রদান করেন সামারি ট্রায়ালের বিজ্ঞ বিচারক।
সোমবার (৩ আগস্ট) বিকালের দিকে বেতাগী থানা পুলিশ বিজ্ঞ আদালতে আটককৃত ছয় আসামীকে হাজির করলে পুলিশ কর্তৃক আটককৃত অভিযুক্ত আসামিরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক বিবৃতি (confessional statement) প্রদান করায় এই রায় প্রদান করেন- বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।
আদালত সূত্রে জানা গেছে- অভিযুক্তদের বেতাগী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বেতাগী পৌরসভার ৬নং ওয়ার্ডের খাদ্য গুদাম রোডে আসামী সোহেল এর ভবনের একটি কক্ষ থেকে হাতেনাতে আটক করে। এসময় আটককৃতদের থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা ও ১০ (দশ) পিস ইয়াবা ও নগদ ৯ হাজার ২শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ