বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন কৃষক সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় কৃষক সমিতির (কেকেএস) সদস্যরা। একই সঙ্গে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিআরডিবি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পশ্চিম সরালিয়া কৃষক সমবায় সমিতির (কেকেএস) সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন মোরেলগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডে ২০১৫ সাল থেকে তৎকালীন সভাপতি এস. এম. সালেহ দায়িত্ব পালনকালে সমিতির গঠনতন্ত্র ও নিয়ম-নীতির যথাযথ অনুসরণ না করে একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এর ফলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রতিষ্ঠানটি সংকটে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে বলা হয়, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের সময় অফিসে সংরক্ষিত প্রাথমিক সমবায় সমিতির গুরুত্বপূর্ণ রেজিস্টার ও প্রয়োজনীয় নথিপত্র গায়েব হয়ে যায়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কৃষক সমবায় সমিতির কার্যক্রম দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে। এতে সাধারণ সদস্যরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সাবেক সভাপতি এস. এম. সালেহ পুনরায় গোপনে নতুন ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করছেন। এ কারণে বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে নতুন কমিটি গঠন না করে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্ত ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
প্রতিনিধি/আরএইচ