নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেটের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রফেসর ডা. আফজাল মিয়া সিলেটের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ছিলেন। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেটের প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি এবং দীর্ঘদিন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং লন্ডন থেকে ডিটিএম অ্যান্ড এইচ ডিগ্রি অর্জন করেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দক্ষ চিকিৎসক তৈরিতে তার ভূমিকা উল্লেখযোগ্য।
প্রফেসর ডা. আফজাল মিয়া ১৯৪৯ সালের ১ এপ্রিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ২ আগস্ট সিলেটে মৃত্যুবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট ছানাউল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল আহমদ।
প্রতিনিধি/আরএইচ